
ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে একটি প্লাস্টিকের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় এক কোটি টাকারও বেশি মালামাল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক। দোকান মালিকের ভাষ্য, শুক্রবার সকাল ছয়টার দিকে তিনি আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাইনবোর্ডে আগুন ধরে পরে তা দ্রুত দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। তিনি জানান, দোকানে বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী মজুত থাকায় আগুন খুব দ্রুত ভয়াবহ রূপ নেয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো দোকান আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অধিকাংশ মালামাল পুড়ে যায়।
আবেগাপ্লুত হয়ে ব্যবসায়ী বলেন, প্রায় ৩৮ বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিনের সঞ্চয় ও উপার্জনের অর্থ দিয়ে দোকানটি গড়ে তুলেছিলেন। আগুনে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া ব্যাংকের ঋণের চাপও রয়েছে। দোকানের আয়েই তার পরিবার চলত এবং সন্তানদের পড়াশোনার খরচ বহন করা হতো।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, আগুন লাগার পর খুব অল্প সময়ের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই দ্রুত খারাপ হয় যে দোকানের ভেতরের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় বহু বছরের পরিশ্রম ও সঞ্চয় হারিয়ে ব্যবসায়ী চরম দুরবস্থার মধ্যে পড়েছেন বলে জানা গেছে।ষ