ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গুতে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন ২০ বছর বয়সী শাকিবুল ইসলাম তন্ময়। ঢাকায় ভর্তি কোচিং করার সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয়েছে এই মেধাবী তরুণকে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও বন্ধুদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শাকিবুল ইসলাম তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেলগেট এলাকার বাসিন্দা। তার পিতা তারিকুল ইসলাম। সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তন্ময়।

এরপর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ঢাকায় গিয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তন্ময়। পরে অসুস্থ অবস্থায় গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং চিকিৎসার জন্য ভর্তি হন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

তবে রাজশাহী নেয়ার পথে নাটোরের লালপুর এলাকায় পৌঁছালে দুপুর আড়াইটার দিকে তন্ময়ের মৃত্যু হয়। তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুর খবর চুয়াডাঙ্গায় পৌঁছালে তার পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও বন্ধুবান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায়ও নেমে আসে বিষাদের আবহ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে তন্ময়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত