
বিরোধীদলীয় জোটকে আন্দোলনে যেতে সরকার নিজেই বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, আমরা কখনোই আন্দোলন করতে চাইনি, সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। কিন্তু সরকার কোনো আগ্রহ দেখায়নি।
গতকাল শুক্রবার রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে ঢাকা থেকে রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ টি এম আজহারল ইসলাম বলেন, সংযোগে জনগণের দাবি-দাওয়াগুলো মেনে না নেওয়ার কারণে আমরা ৯ দফা দাবিতে ১১ দলীয় জোট লংমার্চ শুরু করেছি। ইতোমধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এত সব জেনেও সরকার দাবিগুলো নিয়ে কোনো আলোচনার দিকে এগোচ্ছে না।
জুলাইয়ের গণভোটের রায় প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোট করা হয়েছিল। এমপি নির্বাচিত হওয়ার পর আমরা সবাই গণভোটের রায় বাস্তবায়নের শর্তে শপথ নিয়েছিলাম। কিন্তু সরকারি দলের এমপিরা সেই রায় উপেক্ষা করে নিজেদের মতো করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনার পথ বেছে নিয়েছেন। সরকার জুলাই গণহত্যার বিচারের কথা মুখে বললেও বাস্তবে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত।
বিদ্যুৎ, গ্যাস, সার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষকরা সার না পেয়ে বিক্ষোভ করছেন। অথচ সরকার সিন্ডিকেটের পকেট ভারী করতে ব্যস্ত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চাঁদাবাজি রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেও সরকার তা আমলে নেয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দলীয়করণের বিষয়ে এ টি এম আজহার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। ফ্যাসিস্ট সরকারের পথ ধরে বর্তমান সরকারও যদি নজিরবিহীন দলীয়করণ শুরু করে, তবে ছাত্র-জনতা তাদেরও একই পরিণতি বরণ করাবে। এ ছাড়া উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরকার কেন পিছু হটছে, তা নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের ৯ নম্বর দাবি প্রসঙ্গে তিনি বলেন, সম্পত্তি হস্তান্তর আইনে কোরআন-সুন্নাহবিরোধী নানা বিষয় থাকায় এদেশের মানুষ তা মেনে নেবে না। আমরা বারবার এটি সংশোধনের আহ্বান জানালেও সরকার ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে তড়িঘড়ি করে তা বাস্তবায়ন করেছে। সংবিধান জনগণের জন্য, জনগণের রায়ই চূড়ান্ত।
মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উত্তরাঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, জেলা এনসিপির আহ্বায়ক আল মামুনসহ ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।