
সিরাজগঞ্জে মদের বোতল নিয়ে থানায় জিডি করতে যাওয়ার অপরাধে যুবক রুবেল রানাকে সাত দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ কারাদণ্ড ও জরিমানা করেছেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া। কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ওই উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের ওই যুবকের জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায়। এ মর্মে স্থানীয় নির্বাচন অফিসের পরামর্শে গত সোমবার বিকালে থানায় জিডি করতে আসে। এ সময় একটি ব্যাগে ২৫০ মিলির চারটি কোল্ড ড্রিংকস স্পিডের বোতলে দেশীয় মদ নিয়ে যায় এবং তার আচরণে ব্যাগে তল্লাশি চালিয়ে মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে বিকালে ওই আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে উল্লেখিত রায় দেন।