
সাতক্ষীরার পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় মো. রওশন শেখ নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত রওশন শেখ তালা উপজেলার গনেশপুর গ্রামের পাচু শেখের ছেলে। গতকাল মঙ্গলবার সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। পরে একই বছরের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় এ বছরের ১২ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। এতে নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০- এর ৯ (১) ও ৯(৪)(খ) ধারায় অভিযোগ আনা হয়।
মামলার বিচারকাজে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। তাদের মধ্যে আটজন সাধারণ সাক্ষী, একজন চিকিৎসক, একজন তদন্ত কর্মকর্তা এবং ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি গ্রহণকারী একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। আদালতের রায়ে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মামলায় রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদলতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।