
চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় রাসেলস ভাইপারের কামড়ে (বিষধর সাপ) মরিয়ম আক্তার নামে তিন বছরের এক শিশু মারাত্বক ভাবে আহত হয়েছে। পরে শিশুটিকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এসময় কামড় দেওয়া সাপটিকেও জীবিত অবস্থায় ধরে একটি বোতলে ভরে হাসপাতালে নিয়ে আসেন শিশু বাবা। হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে তাৎক্ষণিক অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশু মরিয়ম আক্তার ওই গ্রামের মনির গাজীর মেয়ে।শিশুটির বাবা মনির গাজী জানান, সকাল সাড়ে ১০টার দিকে মরিয়ম বাড়িতে খেলাধুলা করার জন্য ঘরের বাইরে বের হয়। এ সময় রাসেলস ভাইপার সাপটি তাকে কামড় দিয়ে দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন। তখন মরিয়ম ইশারায় সাপটি কোন দিকে চলে গেছে তা দেখিয়ে দেয়। পরে পরিবারের সদস্যরা শিশুটির দেখানো স্থানে গিয়ে খোঁজাখুঁজি করে সাপটিকে শনাক্ত করেন এবং জীবিত অবস্থায় ধরে ফেলেন।