ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ফেনীতে শ্রেষ্ঠ ইউএনও মারজান

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ফেনীতে শ্রেষ্ঠ ইউএনও মারজান

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার' হিসেবে সম্মাননা সনদ ও স্বীকৃতি লাভ করেছেন ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারজান হোসাইন। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি, গুণগত মান উন্নয়ন এবং সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাঁকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

১৮ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ফেনীতে অনুষ্ঠিত 'জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির মাসিক সভা'য় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মারজান হোসাইনের আন্তরিকতা, সুদৃঢ় নেতৃত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসন, ফেনীর পক্ষ থেকে এই সনদপত্র প্রদান করে তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত