
জামালপুরের দেওয়ানগঞ্জে আরবি পড়তে আসা এক কিশোরীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধা জেলার ফুলছরি থানার হরিচন্ডি গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি ও মক্তবে শিক্ষকতা করতেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ইমাম মুছা মিয়ার কাছে আরবি পড়তে যায় ১৫ বছর বয়সী ওই কিশোরীটি। সে সময় ওই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হলে ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে ভুক্তভোগী কিশোরীটির পরিবার। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, আদালত দীর্ঘ শুনানি এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে এই চূড়ান্ত রায় প্রদান করেন।