ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ

গড়াই নদীর পাড় কেটে অবাধে বিক্রি করা হচ্ছে মাটি। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ভাড়লা এলাকায় সরেজমিনে গড়াই নদীর পাড়ে প্রকাশ্যে মাটি কাটতে ও ট্রলিতে করে পরিবহণ করতে দেখা যায়। নদীর পাড় থেকে কাটা এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। এই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে ইট।

মাটি কাটার সঙ্গে যুক্ত রাশিদুল ইসলাম জানান, পানির মধ্যে তাদের সাড়ে আট লাখ টাকা রয়েছে। তার ভাষ্য, পলি মাটি কেনা-বেচা হচ্ছে এবং যাদের নামে জমি রেকর্ড রয়েছে, সেই সব ব্যক্তির কাছ থেকে মাটি কিনে যাতায়াতের রাস্তা তৈরি করে প্রতি গাড়ি মাটি ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এসব মাটি প্রফেসর, সৈনিক ও দুলালের ইটভাটায় নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলি চালক জানান, তিনি গড়াই নদীর পাড় থেকে মাটি নিয়ে বিভিন্ন ইটভাটায় পৌঁছে দিচ্ছেন। তবে কোন ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে, তা তিনি জানাননি। তিনি আরও জানান, এখানকার মাটি উপজেলার সব ভাটায় যাচ্ছে।

এলাকার বাসিন্দা আব্দুস সালাম জানান, দিনের পর দিন প্রকাশ্য দিবালোকে এভাবে নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে। এসব মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে পড়ে কর্দমাক্ত হয়ে যায়। এতে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা নিষেধ করলেও মাটি কাটা ও পরিবহন বন্ধ করছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা বলে অভিযোগ করেন তিনি।

এদিকে নদী গবেষক হাসান আলী বলেন, নদীর ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্টদের যথাযথ ভূমিকা না রাখলে নদীর নিজস্ব গতির ছন্দপতন ঘটবে, যা প্রকৃতির জন্য বড় ধরনের হুমকি হতে পারে।

বিষয়টি জানার পর কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেন। তাদের কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত