
জয়পুরহাটের ক্ষেতলালে পড়া দিতে গিয়ে আটকে যাওয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে লাঠি দিয়ে মারধরের অভিযোগে শিক্ষক হাফেজ আমির হামজাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ক্ষেতলাল থানার এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার বিনাই দারুল উলুম হাফেজিয়া ও নুরানি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী জিহাদ (১৩) ওই গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে। বর্তমানে সে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আটক শিক্ষক আমির হামজার বাড়ি পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ ওই মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী। এরইমধ্যে সে পবিত্র কোরআনের ১৮ পারা হিফজ করেছে। স্থানীয় বিভিন্ন হিফজ প্রতিযোগিতায়ও তার সাফল্য রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, প্রতিদিনের মতো আগের রাতে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সে। পরদিন সকালে মাদ্রাসায় গিয়ে শিক্ষককে পড়া দিতে শুরু করলে একপর্যায়ে কিছু অংশে আটকে যায়। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মারধর করেন। পরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা নিয়ে মাদ্রাসা থেকে দৌড়ে বাড়িতে চলে যায় সে। জিহাদের বাবা মোশাররফ হোসেন বলেন, এর আগেও ওই শিক্ষক তার ছেলেকে মারধর করেছিলেন। বিষয়টি নিয়ে শিক্ষককে নিষেধও করেছিলেন তিনি। কিন্তু এবার তার ছেলেকে এমনভাবে মারধর করা হয়েছে যে, মাদ্রাসা থেকে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে। পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে তিনি হতবাক হয়ে যান। তিনি আরও বলেন, ছেলেকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলে ইউএনও থানায় ফোন করে সেখানে যেতে বলেন। পরে থানার পরামর্শে ছেলেকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। জিহাদের মা বলেন, তার ছেলেকে যেভাবে মারধর করা হয়েছে, তা অত্যন্ত অমানবিক। পড়া না পারলে বুঝিয়ে শেখানোর পরিবর্তে এভাবে শারীরিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে বিনাই দারুল উলুম হাফেজিয়া ও নুরানি কওমি মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষককে এখনও আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি। প্রাথমিকভাবে তাকে রাখা হয়েছে। তার পারফরম্যান্স ভালো হলে নিয়োগ দেওয়া হবে। এমনিতে তিনি ভালো ছেলে। শিক্ষার্থীকে মারধরের বিষয়ে তিনি বলেন, ছেলেটি পড়াশোনায় ভালো। কিছুদিন আগে এই শিক্ষকই তাকে একটি অনুষ্ঠানে বিজয়ী করে এনেছিলেন। ছেলেটির বাবা আগে বলেছিলেন, পড়াশোনা না করলে তাকে শাসন করতে। হয়তো হুজুর একটু শাসন করেছেন। বিষয়টি তাদের জানালে স্থানীয়ভাবেই সমাধান করা যেত। কিন্তু তারা জানতে জানতে তাকে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি বলেন, ভুক্তভোগী পরিবার তার কাছে এসেছিল। তিনি থানায় ফোন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। ক্ষেতলাল থানার এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান জানান, পরিবারের অভিযোগের পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। পরিবারের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান।