
খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আবার কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রোববার সকালে বিষয়টি সবার নজরে আসে। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। এর আগে গত ৫ নভেম্বর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগিয়ে ঢেকে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পরদিন ৬ নভেম্বর কেসিসি প্রশাসক ওই গ্রাফিতি নতুন করে আঁকার নির্দেশ দেন। ওই দিন বিকেলেই সেটি আবার আঁকা হয়। গতকাল সেই গ্রাফিতিতেই আবার কালি দেওয়ার ঘটনা ঘটল।