
'খুনি হাসিনা যেখানে থাকুক না কেন, তার রায় হয়ে গেছে। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। তার একটাই স্থান, একটাই গন্তব্য ফাঁসির মঞ্চ; বাংলাদেশ নয়, তার স্থান ফাঁসির মঞ্চ। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন (এমপি)। গতকাল সোমবার সকাল ১০টায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। তিনি বলেন, 'হাসিনার বিচার তো হয়েছে এবং তার সঙ্গে যারা দোসর আছে, তাদেরও আমি সাবধান করে দিচ্ছি, আপনারা আর ষড়যন্ত্রের দিকে আগাবেন না। সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা আবারও অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী পরিচয় প্রমাণ করেছে। বিএনপি অতীতেও আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেয়নি, এখনও নেবে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিবর্তে আইন ও প্রশাসনের মাধ্যমে অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গোপালগঞ্জ ও ভাণ্ডারিয়ার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন গুজব বা উড়ো খবরের ভিত্তিতে উত্তেজিত হবেন না। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের ওপর অত্যাচার, অগ্নিসংযোগ কিংবা প্রাণহানির রাজনীতি কাম্য নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।