ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যপ্রাচ্যের সংঘাত ও মুসলিম বিশ্বের বিভক্তি

মো. আমিনুর রহমান, শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মধ্যপ্রাচ্যের সংঘাত ও মুসলিম বিশ্বের বিভক্তি

বর্তমানে চলমান ইরান সংকট মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গভীর প্রভাব ফেলছে। এই উত্তেজনা শুধু একটি আঞ্চলিক রাজনৈতিক সংকট নয়; বরং এটি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভক্ত বাস্তবতাকেও স্পষ্টভাবে সামনে এনে দিয়েছে। চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। শক্তিশালী দেশগুলোর পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাত পুরো অঞ্চলে অনিশ্চয়তা ও উদ্বেগের পরিবেশ তৈরি করেছে।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরানের অভিযোগ, আঞ্চলিক কিছু দেশে অবস্থিত বিদেশি সামরিক ঘাঁটি থেকে তাদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর জবাবে তারা বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থান পুরো অঞ্চলে নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

এই উত্তেজনা মুসলিম বিশ্বের রাজনৈতিক বাস্তবতাকেও নতুন করে সামনে নিয়ে এসেছে। একই ধর্মীয় পরিচয় থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের মধ্যে মতাদর্শিক বিভাজন, রাজনৈতিক প্রতিযোগিতা এবং ভূরাজনৈতিক স্বার্থের দ্বন্দ্ব ক্রমেই প্রকট হয়ে উঠছে। বিশেষ করে আন্তর্জাতিক শক্তিগুলোর কূটনৈতিক কৌশল ও প্রভাব মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও জটিল করে তুলছে। ফলে মুসলিম বিশ্বের ঐক্যের জায়গাটি দুর্বল হয়ে পড়ছে।

বর্তমান পরিস্থিতিতে যেখানে সংলাপ ও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ খুঁজে বের করা প্রয়োজন, সেখানে অনেক দেশ নিজেদের স্বার্থ ও কৌশলগত অবস্থানের ভিত্তিতে ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে। এর ফলে সংঘাতের সম্ভাবনা আরও বাড়ছে এবং মুসলিম বিশ্বের বিভক্তি আরও দৃশ্যমান হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তেলের বাজারে অস্থিরতা, বৈশ্বিক মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে অনুন্নত ও মধ্যম আয়ের দেশগুলো এমন পরিস্থিতিতে মারাত্মক অর্থনৈতিক চাপে পড়তে পারে। এই সংকট মুসলিম বিশ্বের ভাবমূর্তির সঙ্গেও গভীরভাবে জড়িত। যখন কোনো বড় আঞ্চলিক সংকট সৃষ্টি হয়, তখন বিশ্ববাসী আশা করে মুসলিম দেশগুলো একত্রিত হয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজবে। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায়, ঐক্যের পরিবর্তে মতপার্থক্যই বেশি প্রকাশ পায়। ফলে আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম বিশ্বের কণ্ঠ অনেক সময় দুর্বল হয়ে পড়ে।

অন্যদিকে এই বিভক্ত বাস্তবতা বহিরাগত শক্তিগুলোর জন্যও সুযোগ সৃষ্টি করে। যখন কোনো অঞ্চল অভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ থাকে না, তখন বাইরের শক্তিগুলো সেখানে নিজেদের প্রভাব বিস্তার ও স্বার্থ বাস্তবায়নের সুযোগ পায়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এর বহু উদাহরণ রয়েছে। এর ফলে আঞ্চলিক সংকট আরও জটিল হয়ে ওঠে এবং স্থায়ী সমাধান পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে একটি বিষয় স্পষ্ট সংঘাত কখনই স্থায়ী সমাধান এনে দিতে পারে না। যুদ্ধ ও উত্তেজনা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে।

অর্থনৈতিক সংকট, মানবিক দুর্ভোগ এবং রাজনৈতিক অস্থিরতার বোঝা শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হয়। তাই বর্তমান বিশ্ব বাস্তবতায় সবচেয়ে প্রয়োজন সংলাপ, সহযোগিতা এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করা। মুসলিম বিশ্বের দেশগুলো যদি নিজেদের অভ্যন্তরীণ মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করে একটি সমন্বিত কণ্ঠ গড়ে তুলতে পারে, তবে তা শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যই নয়, বরং পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়- বিভক্তির রাজনীতি কী চলতেই থাকবে, নাকি মুসলিম বিশ্ব নতুন করে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার সাহস দেখাবে? সময়ই হয়তো তার উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত- শান্তি ও স্থিতিশীলতার জন্য ঐক্যের বিকল্প নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত