প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৪ এপ্রিল, ২০২৬
মরুর তপ্ত বালুকারাশি আর অতল সমুদ্রের নীল জল- একপাশে তৃষ্ণার হাহাকার, অন্যপাশে লোনা জলের গ্রাস। এর মাঝেই লুকিয়ে আছে এক নৃশংস মৃত্যুফাঁদ। গত কয়েকদিনে ভূমধ্যসাগরের নোনা জলে বিলীন হওয়া ২২টি তাজা প্রাণ শুধু সংখ্যা নয়; বরং ২২টি স্বপ্ন, ২২টি পরিবার এবং ২২টি শোকাতুর দীর্ঘশ্বাসের গল্প। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়- ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ অথচ এক বুক অলীক স্বপ্ন আর উচ্চাভিলাষের মোহে অন্ধ হয়ে আজ তরুণ সমাজ সেই সুন্দর ভুবন ছেড়ে আত্মহননের পথে পা বাড়াচ্ছে। দালালের হাতে তুলে দেওয়া সেই কয়েক লাখ টাকা দিয়ে নিজ দেশের মাটিতেই সোনার ফসল ফলানো সম্ভব ছিল, কিন্তু ‘উন্নত জীবন’-এর মরীচিকা তাদের নিয়ে গেছে এক অন্ধকার গহ্বরে, যেখান থেকে ফেরার কোনো পথ নেই।
সবুজ শ্যামল এই বাংলার বুক চিরে দারিদ্রে?্যর কষাঘাত আর সোনালী ভবিষ্যতের মরিচিকা যখন কোনো তরুণকে গ্রাস করে, তখন শুরু হয় এক করুণ যাত্রার উপাখ্যান। মানব পাচার শুধু একটি অপরাধ নয়, বরং আধুনিক সভ্যতার গায়ে এক কলঙ্কিত ক্ষত, যা হাজারো মা-বাবার বুক খালি করে চলেছে প্রতিনিয়ত। উন্নত জীবনের আশায় বুক বেঁধে যারা ঘর ছাড়ে, তাদের অজানাই থেকে যায়, যে তারা আসলে এক ভয়ংকর মৃত্যুফাঁদে পা দিচ্ছে, যেখানে বালুকাধূসর মরুভূমি কিংবা উত্তাল সমুদ্রের লোনা জল হয়ে ওঠে তাদের শেষ শয্যা।
মানবসত্তা কেনাবেচার এই নিষ্ঠুর প্রথা বা মানবপাচার আধুনিক বিশ্বের এক ভয়াবহ অভিশাপ। আন্তর্জাতিক ও বাংলাদেশ প্রেক্ষাপটে এই বিষয়ের একটি চিত্র নিচে তুলে ধরা হলো- মানব পাচারের শিকড় মূলত প্রাচীন দাসপ্রথার গভীরে প্রোথিত। প্রাচীনকালে যুদ্ধবন্দী বা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষকে জোরপূর্বক শ্রম কিংবা যৌন দাসত্বে বাধ্য করা হতো।
ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ই আধুনিককালে ‘মানব পাচার’ হিসেবে নতুন রূপ পরিগ্রহ করেছে। শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যখন শ্রমের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়, তখন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মানুষ সরিয়ে নেওয়ার প্রবণতা বাড়তে থাকে। বিংশ শতাব্দীর শেষভাগে বিশ্বায়নের ফলে সীমান্ত উন্মুক্ত হওয়া এবং যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় পাচারকারীরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পায়।
বাংলাদেশের প্রেক্ষাপটে মানব পাচারের ইতিহাস মূলত দারিদ্র?্য এবং উন্নত জীবনের সন্ধানে দেশান্তরী হওয়ার আকাঙ্ক্ষার সাথে জড়িত। সত্তর ও আশির দশকে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির আড়ালে অনেক ক্ষেত্রে অবৈধভাবে মানুষ পাঠানোর মাধ্যমে এ দেশে পাচারের বীজ বপন করা হয়।
নব্বইয়ের দশকে নারী ও শিশুদের উটের জকি হিসেবে ব্যবহারের জন্য মধ্যপ্রাচ্যে পাচারের ঘটনাগুলো বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছিল। এটি ছিল বাংলাদেশের জন্য মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ মোড়। বর্তমান শতাব্দীতে প্রযুক্তি ও ইন্টারনেটের অপব্যবহার পাচার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। এখন শুধু শারীরিক শক্তি নয়, বরং ভুয়া অনলাইন বিজ্ঞাপন বা প্রলোভন দেখিয়ে পাচারকারীরা তাদের শিকল বিস্তৃত করছে। বাংলাদেশ বর্তমানে এই সংকটের একটি অন্যতম উৎস ও ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। ঐতিহাসিকভাবে ভৌগোলিক অবস্থান এবং ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ার কারণে এ দেশ থেকে সাগর ও স্থলপথে পাচারের ঘটনাগুলো দীর্ঘ সময় ধরে চলে আসছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বে প্রায় ৫ কোটিরও বেশি মানুষ আধুনিক দাসত্বের শিকার। এর মধ্যে একটি বড় অংশ পাচারের মাধ্যমে জোরপূর্বক শ্রম ও বাণিজ্যিক যৌন শোষণে বাধ্য হচ্ছে। প্রতি বছর এই খাত থেকে অপরাধী চক্রগুলো প্রায় ১৫০ বিলিয়ন ডলারের অবৈধ মুনাফা অর্জন করে।
বাংলাদেশের ক্ষেত্রে পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্যমতে, প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি উন্নত জীবনের আশায় পাচারকারীদের খপ্পরে পড়ে। বিশেষ করে বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া বা থাইল্যান্ড যাওয়ার পথে প্রাণহানির ঘটনা এবং লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে সলিলসমাধি হওয়ার পরিসংখ্যান প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে।
মানব পাচার মূলত তিনটি প্রক্রিয়ায় সম্পন্ন হয় : উৎস দেশ, ট্রানজিট দেশ এবং গন্তব্য দেশ। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ফিলিপাইন মূলত ‘উৎস দেশ’ হিসেবে পরিচিত, যেখান থেকে মানুষ পাচার করা হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া পাচারকারীদের জন্য ট্রানজিট ও গন্তব্য উভয় হিসেবেই ব্যবহৃত হয়। বিশেষ করে থাইল্যান্ডের জঙ্গলগুলোতে পাচারকৃতদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনা বিশ্বকে স্তম্ভিত করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার মূলত শ্রম পাচারের প্রধান গন্তব্য। এখানে অনেক ক্ষেত্রে নামমাত্র বেতনে বা বিনা বেতনে শ্রমিকদের অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়। লিবিয়া বর্তমানে মানব পাচারের একটি ভয়াবহ ‘হাব’ বা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া থেকে আসা মানুষদের এখান থেকেই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাঠানোর চেষ্টা করা হয়। ইউরোপের উন্নত দেশগুলো যেমন- ইতালি, গ্রিস এবং স্পেন অনেক পাচারকৃত মানুষের চূড়ান্ত গন্তব্য। তবে সেখানে পৌঁছাতে পারলেও তারা প্রায়ই অবৈধ অভিবাসীর তকমা নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকার দেশগুলোতেও পাচারকৃত মানুষদের দেখা মেলে। এখানে মূলত কৃষি খাত এবং সেবাশিল্পে সস্তায় শ্রম শোষণের জন্য পাচার করা হয়।
প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের নারী ও শিশু পাচারের অন্যতম প্রধান গন্তব্য। বিভিন্ন সীমান্ত দিয়ে প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে গিয়ে যৌন পল্লী বা গৃহস্থালির কাজে শ্রম দাস হিসেবে ব্যবহার করা হয়।
পাচারকারী চক্রগুলোর জাল মাকড়সার মতো ছড়িয়ে আছে গ্রাম থেকে বিশ্ব দরবার পর্যন্ত। আন্তর্জাতিক পর্যায়ে এই সিন্ডিকেটগুলো অত্যন্ত সুসংগঠিত। তারা বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিতে বা যোগসাজশ করতে দক্ষ। সমুদ্রপথে ছোট নৌকায় গাদাগাদি করে মানুষ তোলা থেকে শুরু করে বিদেশের মাটিতে বন্দিশালায় আটকে রেখে নির্যাতন- সবকিছুই এই চক্রগুলো অত্যন্ত ঠান্ডা মাথায় পরিচালনা করে।
বাংলাদেশের অভ্যন্তরীণ চক্রগুলো সাধারণত গ্রামের সহজ-সরল মানুষকে টার্গেট করে। তারা ‘দালাল’ নামে পরিচিত স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে ভুয়া ভিসার প্রলোভন দেখায়। এই স্থানীয় দালালরা আবার যুক্ত থাকে ঢাকাভিত্তিক বড় এজেন্সির সঙ্গে, যাদের আন্তর্জাতিক অপরাধী সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। মানব পাচার একটি জঘন্য অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন। এটি প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় ভূমিকা প্রয়োজন। নিচে করণীয় তুলে ধরা হলো : মানব পাচার রোধে সরকারের প্রধান কাজ হলো বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা। পাচারকারীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক পরিবেশ তৈরি করতে হবে। পাচার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি।
সরকারি ও বেসরকারি উদ্যোগে সভা, সেমিনার এবং গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে পাচারের ভয়াবহতা এবং পাচারকারীদের কৌশলের ব্যাপারে জনগণকে সজাগ করে তুলতে হবে। পুলিশ, বিজিবি ও র্যাবকে পাচারপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়াতে হবে। বিশেষ করে সীমান্ত এলাকা এবং বিমানবন্দরগুলোতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে পাচারচক্রের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে হবে।
সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের ব্যাপারে অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। অতিরিক্ত লোভ বা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কেউ যেন সন্তানকে ভুল পথে নিতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে এবং সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। যারা পাচারের শিকার হয়ে ফিরে এসেছেন, তাদের সামাজিকভাবে হেয় না করে সহমর্মিতার সঙ্গে গ্রহণ করতে হবে। ভুক্তভোগীদের উচিত পাচারকারীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা, যাতে অন্য কেউ এই ফাঁদে না পড়ে। বিদেশে কর্মসংস্থান বা ভ্রমণের ক্ষেত্রে সাধারণ মানুষকে অবশ্যই সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের প্রলোভনে পড়ে পাসপোর্ট বা টাকা লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।
দারিদ্র?্য ও বেকারত্বই পাচারের মূল কারণ। তাই দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বৃদ্ধি এবং তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পাচারকারীরা তরুণদের ফাঁদে ফেলছে। তাই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে এবং অপরিচিত কারো প্রলোভনে সাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ‘মানব পাচার প্রতিরোধ কমিটি’কে সক্রিয় করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে পাচারবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা। তাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পাচার হওয়া ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর করতে হবে।
পরিশেষে বলতে চাই, জীবন মানেই সংগ্রাম, তবে সেই সংগ্রাম যখন স্রষ্টার দেওয়া পবিত্র আমানতকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তখন তা আর বীরত্ব থাকে না- তা হয়ে দাঁড়ায় চরম মূর্খতা ও আত্মহত্যা। মহাকবি আল্লামা ইকবাল বলেছিলেন, ‘নিজের আত্মাকে চেনো, তবেই তুমি বিশ্বকে জয় করতে পারবে।’ বিদেশের মাটিতে অনাদরে লাশ হয়ে ভাসার চেয়ে নিজের দেশের মাটিতে মা-বাবার স্নেহছায়ায় ঘাম ঝরানো ডাল-ভাত অনেক বেশি তৃপ্তিদায়ক ও সম্মানজনক। মনে রাখতে হবে, জীবন একবারই পাওয়া যায়; কোনো অলীক স্বপ্নই জীবনের চেয়ে মূল্যবান নয়। তাই উচ্চাভিলাষের রঙিন পর্দা সরিয়ে বাস্তবতাকে আলিঙ্গন করুন। যারা এখনো এই অন্ধকার পথে পা বাড়ানোর কথা ভাবছেন, তারা ফিরে আসুন আলোর পথে, আপনজনের কোলে। আপনার বেঁচে থাকাই আপনার পরিবারের সবচেয়ে বড় সম্পদ।
ড. মো. আনোয়ার হোসেন
প্রাবন্ধিক, কথা সাহিত্যিক ও প্রেসিডেন্ট আন্তর্জাতিক মাদকবিরোধী সংগঠন ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি অ্যালকোহল