ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় ঐতিহ্য থেকে অর্থনৈতিক সম্পদ : ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি

খাদিজাতুল খোরশেদ খুশি
জাতীয় ঐতিহ্য থেকে অর্থনৈতিক সম্পদ : ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি

বাংলাদেশ একটি বহুজাতিক ও বহুভাষিক রাষ্ট্র। এ দেশে বাঙালি ছাড়াও আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, শিল্পকলা ও জীবনধারা শুধু জাতীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করেনি, বরং পর্যটন, হস্তশিল্প, গবেষণা ও সৃজনশীল অর্থনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নেও এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের এক সমৃদ্ধ ও বৈচিত্র্যময় অংশ। তাদের উৎসব মূলত প্রকৃতি, কৃষি এবং ধর্মীয় বিশ্বাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের পোশাকে নিজস্ব নকশা, রঙ ও বুননশৈলীর পরিচয় পাওয়া যায়। যেমন চাকমা নারীরা পিনন ও হাদি, মারমা নারীরা থামি ও আঙ্গি, গারো নারীরা ডকমান্ডা পরেন। পুরুষরা সাধারণত লুঙ্গি, ধুতি বা ঐতিহ্যবাহী বস্ত্র ব্যবহার করেন।

সামাজিক দিক থেকে কিছু নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক, আর কিছু পিতৃতান্ত্রিক। অন্যদিকে উৎসব আদিবাসীদের সংস্কৃতির প্রাণ। চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসু, তঞ্চঙ্গ্যাদের বিষু, গারোদের ওয়ানগালা, সাঁওতালদের সোহরাই উৎসব অত্যন্ত জনপ্রিয়। এসব উৎসবে নাচ, গান, খেলাধুলা, ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। বাশেঁর কোড়ল পাহাড়িদের একটি অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু খাবার।

বৈসাবি উৎসবের সময় বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি বিশেষ নিরামিষ ব্যঞ্জন রান্না করে যাকে বলা হয় পাচন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি প্রকৃতির সাথে মানুষের সহাবস্থান, বৈচিত্র্য এবং বৈভবময় ঐতিহ্যের কথা বলে। এটি আমাদের সার্বিক সাংস্কৃতিক ঐতিহ্যকে এক অনন্য উচ্চতা ও স্বাতন্ত্র্য দান করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি শুধু দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক নয়, বরং অর্থনৈতিক উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভাষা ও সংস্কৃতি অত্যন্ত সম্ভাবনাময়। অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি যেভাবে ভূমিকা রাখছে—

সাংস্কৃতিক পর্যটন : ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পোশাক, উৎসব,নাচগান,ভাষা শুধু আমাদের দেশের পর্যটকদের নয় বিদেশি পর্যটকদেরও এসব আকর্ষণ করে। দেশি-বিদেশি অসংখ্য পর্যটকরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব, নৃত্য, সংগীত, পোশাক ও জীবনধারা দেখতে পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধ্যুষিত এলাকায় ভ্রমণ করেন। এতে হোটেল, রিসোর্ট, পরিবহন, স্থানীয় গাইড, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসার আয় লক্ষ্য টাকা বৃদ্ধি পায়। ফলস্বরুপ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পায়।

হস্তশিল্প ও কুটিরশিল্পের প্রসার : প্রজন্মের পর প্রজন্ম ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নিজস্ব নকশা, রঙ ও কারুকার্যের মাধ্যমে তাঁতশিল্প, বাঁশ-বেতের কাজ, কাঠখোদাই, মৃৎশিল্প, অলংকার ও গৃহস্থালির বিভিন্ন সামগ্রী তৈরি করে আসছে। এসব শিল্পের সঙ্গে হাজার হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও পুরুষ যুক্ত। বিশেষ করে গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে এটি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। ফলে বেকারত্ব কমে এবং স্বনির্ভরতা বৃদ্ধি পায়। দেশি- বিদেশি পর্যটকরা ভ্রমণের সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্য স্মারক হিসেবে কিনে থাকেন। এতে এসব শিল্পের বিকাশ ঘটে।

কৃষি অর্থনীতির বিকাশ : বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা দীর্ঘদিন ধরে কৃষিনির্ভর জীবনযাপন করে আসছে। পার্বত্য এলাকায় আদিবাসীরা শতাব্দী ধরে জুম চাষ করে আসছে। এটি একটি টেকসই পদ্ধতি যেখানে পতিত জমি কাজে লাগানো হয় এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি আদা, হলুদ, তুলা, বিভিন্ন ফল ও শাকসবজির মতো অর্থকরী ফসলের চাষ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে।

বনজ সম্পদ ও ভেষজ অর্থনীতি : বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বরাবরই বনজ সম্পদ ও ভেষজ পন্যের টেকসই ব্যবহার করে আসছে। বন থেকে বাঁশ, বেত,মধু,ঔষধি গাছ তারা সংগ্রহ করে। এসব কাঁচামাল ব্যবহার করে নানা দ্রব্যসামগ্রী তৈরি করে। সেসব দেশের নানা স্থানে বিক্রয় করা হয়। এছাড়া আদিবাসী সম্প্রদায়ে ঐতিহ্যবাহী নিরাময়কারী বা শামান থাকেন যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চিকিৎসা জ্ঞান প্রদান করে আসছেন।

বৈদেশিক মুদ্রা আয় : ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তৈরি বাঁশ, বেত, কাঠ, তাঁতের কাপড়, গয়না ও নকশাদার হস্তশিল্প বিদেশে রপ্তানি হয়।চাকমা,মারমা ত্রিপুরাসহ বেশ কিছু নৃগোষ্ঠীদের কাপড় বিদেশে জনপ্রিয়। এসব পণ্য থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এছাড়া সংস্কৃতি, উৎসব, পোশাক ও জীবনধারা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। যা পর্যটকদের ব্যয়ে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পায়।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির গুরুত্ব অনেক। বাংলাদেশের বিভিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এ দেশের অমূল্য সম্পদ। তাদের কৃষি-জ্ঞান, স্থানীয় বীজ সংরক্ষণ, বনসম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব চাষাবাদের অভিজ্ঞতা দেশের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রথাগত জ্ঞানকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

তাদের সংস্কৃতিকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম বা সাংস্কৃতিক পর্যটন গড়ে উঠলে কর্মসংস্থান তৈরি হয়। অন্যদিকে পর্যটকদের আনাগোনায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে অর্থ প্রবাহ বাড়ে, যা দারিদ্র্য বিমোচনে সাহায্য করে।লোকসংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান সৃজনশীল অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ভাষা, সংস্কৃতি, সাহিত্য, লোকজ ঐতিহ্য ও জীবনধারা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য সম্পদ। তবে কালের বিবর্তনে এসব ভাষা ও সংস্কৃতি নানা সংকটের সম্মুখীন। অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় লিখিত অভিধান বা বই নেই।

বিদ্যালয় ও কর্মক্ষেত্রে বাংলা ভাষার প্রাধান্য থাকায় নতুন প্রজন্ম ধীরে ধীরে মাতৃভাষার ব্যবহার কমিয়ে দিচ্ছে। ফলে অনেক ভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আধুনিকতার কারনে তরুণ প্রজন্ম আধুনিক সংস্কৃতির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। এর প্রভাবে ঐতিহ্যবাহী পোশাক, লোকসংগীত, নৃত্য, উৎসব, রীতিনীতি ও লোককাহিনির চর্চা দিন দিন কমে যাচ্ছে। ফলস্বরূপ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বিলীন হচ্ছে আংশিক।

অপরদিকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে সমাজে পর্যাপ্ত সচেতনতা নেই। অনেক ক্ষেত্রে বৈষম্য ও অবহেলার কারণে তারা নিজেদের সাংস্কৃতিক পরিচয় প্রকাশে অনিহা বোধ করে। সুতরাং তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের জন্য শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কার্যক্রম ও কর্মশালার আয়োজন করা যেতে পারে। এতে একদিকে যেমন হারিয়ে যেতে বসা ভাষা ও সংস্কৃতি সংরক্ষিত হবে, অন্যদিকে এসব ঐতিহ্য নতুন উদ্যোক্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র তৈরি করবে। পাশাপাশি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নিয়মিত সাংস্কৃতিক উৎসব, মেলা ও প্রদর্শনীর আয়োজন করলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি পরিচিতি লাভ করবে এবং নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে।

বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি আমাদের জাতীয় পরিচয়ের এক উজ্জ্বল অধ্যায় এবং বহুত্ববাদী ঐতিহ্যের অমূল্য সম্পদ। তাদের ভাষা ও সংস্কৃতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতিকে কেবল অতীতের ঐতিহ্য হিসেবে নয়, ভবিষ্যতের উন্নয়নের সম্পদ হিসেবেও সংরক্ষণ করা এখন সময়ের দাবি।

লেখক : শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইডেন মহিলা কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত