ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

হারিয়ে যাচ্ছে মক্তব

মারুফা আক্তার
হারিয়ে যাচ্ছে মক্তব

বাংলার গ্রাম-গঞ্জের একসময়কার অতি পরিচিত দৃশ্য ছিল ভোরের মক্তব। ফজরের আজানের পর ঘুম থেকে উঠে ছোট ছোট শিশুরা হাতে কায়দা, আমপারা কিংবা পবিত্র কোরআন নিয়ে দলবেঁধে ছুটে যেত মসজিদসংলগ্ন মক্তবে। শিক্ষকের সামনে সারিবদ্ধভাবে বসে পাঠ নেওয়া, শুদ্ধ উচ্চারণে কোরআন পড়ার চেষ্টা আর পাঠ শেষে বাড়ি ফেরার সেই দৃশ্য ছিল আমাদের সামাজিক ও ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ।

কিন্তু সময়ের পরিবর্তন, নগরজীবনের ব্যস্ততা এবং শিক্ষাব্যবস্থার নানা বাস্তবতায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের এ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রশ্ন হলো, মক্তবের এ হারিয়ে যাওয়া কি কেবল একটি শিক্ষাপদ্ধতির বিলুপ্তি, নাকি আমাদের পরবর্তী প্রজন্মের নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি দুর্বল হয়ে পড়া?

মক্তব কেবল আরবি বর্ণমালা শেখা কিংবা পবিত্র কোরআন তেলাওয়াতের জায়গা নয়। এটি শিশুর ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের প্রাথমিক শিক্ষালয়।

এখানে শিশুরা কোরআন শিক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা, নিয়মিত ইবাদত, মা, বাবার প্রতি দায়িত্ববোধ, বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং সত্যবাদিতার মতো মৌলিক গুণাবলি সম্পর্কে জানতে পারে। অর্থাৎ মক্তবের শিক্ষা শিশুকে শুধু ধর্মীয় জ্ঞান দেয় না, বরং পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে উঠতে সহায়তা করে।

মক্তবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা। একই মসজিদের মেঝেতে ধনী গরিব, উচ্চবিত্ত নিম্নবিত্ত পরিবারের শিশুরা পাশাপাশি বসে পাঠ গ্রহণ করে। সেখানে সামাজিক মর্যাদা কিংবা আর্থিক অবস্থানের কোনো পার্থক্য থাকে না। শৈশবেই এ সহাবস্থান শিশুদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে ভূমিকা রাখে। আমাদের সমাজে সম্প্রীতি ও মানবিক সম্পর্ক শক্তিশালী করতেও এই শিক্ষার গুরুত্ব কম নয়।

বর্তমান সময়ে শিশুদের বেড়ে ওঠার পরিবেশ আগের তুলনায় অনেক বেশি জটিল। প্রাতিষ্ঠানিক পড়াশোনার চাপ, স্মার্টফোন ও ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা নেতিবাচক উপাদান তাদের মানসিক ও নৈতিক বিকাশে প্রভাব ফেলছে। প্রযুক্তি ও আধুনিক শিক্ষা অবশ্যই প্রয়োজন, তবে এর পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষারও সমান গুরুত্ব রয়েছে।

শুধু ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষার সনদ একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। প্রয়োজন সুশিক্ষা, দায়িত্ববোধ ও নৈতিক চরিত্রের সমন্বয়। দুঃখজনক বিষয় হলো, অনেক এলাকায় মক্তবের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে, কোথাও কোথাও বন্ধও হয়ে গেছে। আবার কোথাও শিক্ষার্থী সংকট, উপযুক্ত শিক্ষকের অভাব কিংবা অভিভাবকদের অনাগ্রহের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।

অনেক অভিভাবক শিশুদের স্কুল, কোচিং ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে ব্যস্ত রাখলেও ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করতে পারছেন না। অথচ সামান্য উদ্যোগ ও সময়ের সমন্বয়ের মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব। এ জন্য প্রথমেই প্রতিটি এলাকার মসজিদ কমিটিকে মক্তব পুনরুজ্জীবনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ইমাম, মুয়াজ্জিন ও যোগ্য শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত পাঠদানের ব্যবস্থা করা যেতে পারে। যেসব এলাকায় সকালে শিশুদের বিদ্যালয়ে যেতে হয়, সেখানে আসরের পর কিংবা সুবিধাজনক সময়ে মক্তব পরিচালনা করা সম্ভব। পাশাপাশি শিশুদের বয়স ও গ্রহণক্ষমতা বিবেচনায় সহজ, আনন্দদায়ক ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা প্রয়োজন। শিক্ষকদের সম্মানী, উপযুক্ত পরিবেশ এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।

মনে রাখতে হবে, আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোনো বিরোধ নেই। বরং এ দুই ধারার সমন্বয়ই একজন শিশুকে জ্ঞানী, মানবিক, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। মক্তবকে তাই কেবল অতীতের স্মৃতি হিসেবে দেখার সুযোগ নেই। এটি আমাদের সামাজিক ও নৈতিক শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি আগামী প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে মক্তবের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। প্রতিটি মহল্লার মসজিদ আবারও শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রাণবন্ত কেন্দ্র হয়ে উঠুক। কারণ একটি সুন্দর সমাজ গড়ার প্রস্তুতি শুরু হয় শৈশব থেকেই। আর সেই শৈশবকে সঠিক শিক্ষায় আলোকিত করার অন্যতম মাধ্যম হতে পারে মক্তব।

লেখক : শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত