
কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে আসছে। দীর্ঘ পাঁচ বছরের অনিশ্চয়তা কাটিয়ে আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
আগামী বৃহস্পতিবার ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার। ২০২০ সালে মাসুদ রানা সিরিজের ওপর ভিত্তি করে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ। এর মধ্যে হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন : ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটির কাজ আটকে ছিল।
প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শুটিং ও নির্মাণশৈলীতে কোনো কমতি রাখা হয়নি বলে দাবি করেন তিনি।সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণের কাজ প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল।