
জনপ্রিয় পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মার লাইভ কনসার্টে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঞ্চে গান গাওয়া অবস্থায় হঠাৎ এক যুবক উঠে এসে গায়িকার পা জড়িয়ে ধরলে চরম আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ভয় পেয়ে তাৎক্ষণিক গান থামিয়ে চিৎকার করে মঞ্চ ছেড়ে চলে যান গায়িকা। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সেই রাতে আর মঞ্চে ফেরেননি ‘জাট ইয়ামলা’ খ্যাত এই তারকা। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন সুনন্দা। ‘জানি তেরা না’ কিংবা ‘পাগল নহি হোনা’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া এই গায়িকাকে সামনে দেখতে পেয়ে উল্লাসে মেতেছিলেন শিক্ষার্থীরা। সাদা টি-শার্ট ও জিনসের সাদামাঠা সাজে মঞ্চে উঠে শুরুটাও বেশ চমৎকার করেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই এক যুবক নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে দৌড়ে মঞ্চে উঠে আসেন।