
ঢালিউড তারকা শাকিব খানের নির্মিয়মান ছবি ‘রকস্টার’ ঘিরে অনুরাগীদের আগ্রহ বাড়ছে। নির্মাতা আজমান রুশোর পরিচালনায় এই ছবিতে ভিন্ন রূপে হাজির হচ্ছেন শাকিব খান। জানা গেছে, মিউজিক্যাল ফিল্ম হিসেবে বানানো হচ্ছে ছবিটি আর তাতে থাকবে অন্তত ১০টি গান। ‘রকস্টার’ সিনেমার সবগুলো গান করেছেন একজন শিল্পী! মিউজিক্যাল ফিল্ম, যেখানে সংগীত তারকা হিসেবে অভিনয় করবেন শাকিব। কিন্তু শাকিব খান ঠোঁট মেলাবেন কার কণ্ঠে? একাধিক সূত্র জানিয়েছে, শাকিবের নতুন এই সিনেমার গানগুলো করেছেন তরুণ শিল্পী আহমেদ হাসান সানি। ছবির সবগুলো গানের গীতিকবি ও সুরকার তিনি। এমনকি বেশ কয়েকটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে ছবির তিনটি গানের কাজ শেষ। এ নিয়ে আহমেদ হাসান সানি বলেন, ‘যেহেতু আমি গান করি, চলচ্চিত্রে কাজ করতেই পারি। তবে ‘রকস্টার’ নিয়ে এখনই কিছু বলতে পারছি না, সময় হলে সব জানাব। বিস্তারিত জানানোর দায়িত্ব টিমের।’ নির্মাতা আজমান রুশো বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গান নিয়ে অনেক কাজ হচ্ছে। এখন আমরা শুটিংয়ে ব্যস্ত আছি। কয়েক দিনের মধ্যেই সিনেমার প্রচারণা শুরু হবে।’
ছবির গল্পে দেখা যাবে একজন রকস্টারের সংগ্রাম, উত্থান-পতন, ভালোবাসা, খ্যাতি এবং ব্যক্তিগত দ্বন্দ্বের নানা ঘটনা।