
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার রাতে যমুনা নদীর স্থানীয় নৌঘাট থেকে বাঘুটিয়া, উমারপুর ও ঘোরজান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত এ অভিযান চালানো হয়। এ অভিযানে মাছ শিকারের উল্লেখিত মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩০ কেজি মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার মাছ স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। স্থানীয়দের উপস্থিতিতে জোতপাড়া নৌঘাট এলাকায় অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় চৌহালী উপজেলা মৎস্য অফিসার রকিবুল ইসলাম, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মৎস্য অফিসার বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের মারাত্মক হুমকিস্বরূপ এবং ক্ষতিকর এ জালের কবল থেকে দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।