
গেল কয়েক বছর বাণিজ্যিক ধারার ছবি নির্মাণ করলেও রোজার ঈদে ভিন্ন পথে হেঁটেছেন রায়হান রাফী। ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে বানিয়েছেন ভিন্ন ধারার ছবি ‘প্রেশার কুকার’। যেখানে উঠে এসেছে নারীর সংগ্রাম, প্রতিবন্ধকতা ও টিকে থাকার লড়াই।
ঈদের বড় বাজেট ও বাণিজ্যিক সিনেমাগুলোর ভিড়েও নিজের আলোয় উজ্জ্বল ছিল ‘প্রেশার কুকার’। এরইমধ্যে ছুঁয়েছে ৩ কোটির ঘর। এক্সপেরিমেন্টাল এ ছবিব এমন সাফল্যের কথা সামাজিক মাধ্যমে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাফী। সেইসঙ্গে জানিয়েছেন কৃতজ্ঞতা। নিজের ফেসবুকে রাফী লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের ‘প্রেশার কুকার’-এর মতো একটি এক্সপেরিমেন্টাল, ভিন্নধারার সিনেমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা কল্পনাও করিনি, আপনারা এভাবে পাশে থাকবেন।’ এরপর লেখেন, ‘সব থেকে কম শো নিয়ে শুধুমাত্র সিনেমা হল থেকেই ৩ কোটি টাকার ঘরে প্রবেশ- এই অর্জন আমাদের জন্য অনেক বড়।’ সবশেষে নির্মাতা লিখেছেন, ‘এই ভালোবাসাই সামনে এগিয়ে যাওয়ার শক্তি। এটা ইতিহাস হয়ে থাকবে আমাদের কাছে।