ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আরিফিন শুভকে নিয়ে গর্বিত তিশা

আরিফিন শুভকে নিয়ে গর্বিত তিশা

ঢালিউড অভিনেতা আরিফিন শুভ নিজের বলিউড যাত্রার শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ওটিটি সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তির পর ভারতীয় গণমাধ্যমে একের পর এক সিনেমাবোদ্ধাদের পর্যালোচনায় প্রশংসিত হচ্ছেন আরিফিন শুভ। তার অভিনয় দক্ষতায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার বার্তা বলেও মন্তব্য করেছেন তারা। কোথাও তিনি ‘স্ট্যান্ডআউট লিড’, আবার কোথাও পুরো সিরিজের সবচেয়ে শক্তিশালী উপস্থিতি হিসেবে উঠে আসছেন। এবার অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ ঢালিউড অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনেতা আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’ দেখে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তার একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন— ‘দয়া করে সনি লিভে ‘জ্যাজ সিটি’ দেখুন। অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে খুব গর্বিত আরিফিন শুভ।’ এর আগে অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে সবশেষ দেখা গেছে শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত একটি মহাকাব্যিক চলচ্চিত্র— ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এ সিনেমাটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয় এবং এটি পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। সেই সিনেমা দেখেও আরিফিন শুভর অভিনয় এবং চরিত্রের জন্য নেওয়া প্রস্তুতি নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন তিশা। বিশেষ করে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তার পরিশ্রমের বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত