
নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নাটক মানেই নতুন কিছু। প্রেম-ভালোবাসার পাশাপাশি বরাবরই পরিবারের গল্প তুলে ধরেন তিনি। এর মধ্যে তার নির্মিত ‘ঝরা বকুল’ নাটকটি দর্শকের মনে দাগ কেটেছে। বিশেষ করে এই নাটকে সুনেরাহ বিনতে কামাল অভিনীত মনিরা চরিত্রটি বেশ প্রশংসা পাচ্ছে।
গল্পে মনিরা একটি গরিব পরিবারের বড় মেয়ে। সবার দায়িত্ব নিতে গিয়ে নিজের বিয়েও করা হয়ে ওঠেনি তার। এমনকি মনিরা অন্য পরিবারে চলে গেলে কে সংসার দেখবে- এই ভয়ে তার মা নিজেও তাকে বিয়ের জন্য বলেন না। কিন্তু কবির (ইয়াশ রোহান) মনিরাকে চায়। এভাবেই গল্প এগিয়ে যায়।
নাটকটির মন্তব্য ঘরে (কমেন্ট বক্সে) একজন লেখেন, ‘জানি না মানুষ সুনেরাহকে নিয়ে এত খারাপ মন্তব্য কেন করে। ওর কণ্ঠ, ওর চেহারা সবই অন্য রকম। আর কেন জানি সব ধরনের অভিনয়ে ও মানিয়ে যায়- বড়লোকের মেয়ে, গরিবের বাড়ির মেয়ে, অহংকারী, নিরহংকারী সব চরিত্রে।’ রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘ঝরা বকুল’ নাটকটি দেখা যাচ্ছে। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘রম্য, রোমান্টিক, অতি আর্ট দেখতে দেখতে দর্শক হয়রান।
এসবে গল্প আর বাস্তবতার অভাব থাকে। হাঁপিয়ে ওঠা দর্শক এখন একটা পরিবারের সুখ-দুঃখ, স্ট্রাগল ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাস্তবতা খুঁজে পান।’ নির্মাতা রিংকু বলেন, ‘আমি সব সময় পারিবারিক গল্পকে প্রাধান্য দিয়ে আসছি। এই নাটকেও দর্শক সেটি দেখছেন। মানুষ নাটকে যখন নিজেদের খুঁজে পায়, তখন সেটি সহজে গ্রহণ করে। এই কারণেই হয়তো ঝরা বকুল সবার ভালো লাগছে।’ এই নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেত্রী ডলি জহুর, রোজী সিদ্দিকী ও গোলাম ফরিদা ছন্দাসহ অনেকে।