
চলচ্চিত্র অভিনেতা ও ফাইট ডিরেক্টর সিরাজ উদ্দিন রতনের চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এ ফাইট ডিরেক্টর গত ২২ জুলাই হার্ট অ্যাটাক করেন।
হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসার বিশাল খরচের বোঝা বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়ে। একদিকে হাসপাতালের আইসিইউর ক্রমবর্ধমান বিল, অন্যদিকে ওষুধের খরচ—সব মিলিয়ে দিশেহারা পরিস্থিতির মুখোমুখি হয় রতনের পরিবার। এ সময়ে তার পাশে দাঁড়ালেন ‘চাঁদের আলো’-খ্যাত নায়িকা।
অভিনেতা ও ফাইট ডিরেক্টর রতন বলেন, আমার এ খারাপ সময়ে ছায়ার মতো দাঁড়িয়েছে মুক্তি। নিয়মিত খোঁজ খবর রাখা ও আমার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করছে। মুক্তির বাইরে অভিনেত্রী রঞ্জিতা সহযোগিতা করতে না পারলেও খোঁজখবর রাখছে। তবে আমার অসুস্থতার খবরে চলচ্চিত্রের আর কোনও মানুষ খোঁজ নেয়নি।’
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন রতন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চোর’, ‘দাপট’, ‘নরম গরম’, ‘আপোষ’, ‘বিধাতা’, ‘আঞ্জুমান’, ‘মর্জিনা’, ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’, ‘আমি ডন’, ‘রাজকপাল’ ও ‘আলতাবানু’।