
বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা 'টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস' মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায়| যশ অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকের একাংশের অসন্তোষের পাশাপাশি এবার আলোচনায় এসেছে অভিনেত্রী রুক্মিণী বসন্তের একটি 'সাহসী' দৃশ্য| সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এই দৃশ্যের সমালোচনা করে একে 'অপ্রত্যাশিত' ও 'সস্তা চিত্রনাট্যের' উদাহরণ বলে মন্তব্য করেছেন|
২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'টক্সিক'| 'কেজিএফ: চ্যাপ্টার ২'- এর পর এই সিনেমার মাধ্যমে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন যশ| সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস| গোয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির গল্প| পর্তুগিজ শাসনের সময়কার গোয়ার পটভূমিতে নির্মিত এই সিনেমায় যশকে দেখা গেছে দ্বৈত চরিত্রে|
সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত| মুক্তির পর রুক্মিণীর একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে|
এক দর্শক এক্সে লিখেছেন, 'এ ধরনের দৃশ্য কীভাবে গ্রহণ করব? রুক্মিণী, সত্যিই তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি|' তার পোস্টে সিনেমার হ্যাশট্যাগের সঙ্গে রুক্মিণীর নামও ব্যবহার করা হয়েছে|
অন্য একজন অবশ্য রুক্মিণীর পক্ষে অবস্থান নিয়েছেন| তার দাবি, সিনেমায় রুক্মিণীর কোনো চুম্বন বা ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য নেই| তাই তাঁকে ঘিরে অপ্রয়োজনীয় মন্তব্য করা হচ্ছে| তবে একই পোস্টে তিনি সিনেমাটির সমালোচনা করে লিখেছেন, রুক্মিণীর এই ছবিতে অভিনয় না করাই ভালো হতো|
আরেক দর্শক সরাসরি রুক্মিণীর উদ্দেশ্যে লিখেছেন, 'এটা কী? এমন সস্তা চিত্রনাট্য কেন?'
রুক্মিণীর দৃশ্য নিয়ে বিতর্কের পাশাপাশি 'টক্সিক' নিয়ে দর্শকের প্রতিক্রিয়াও মিশ্র| মুক্তির প্রথম দিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলী নিয়ে নানা মত দেখা যাচ্ছে| ফলে বড় তারকা, বড় বাজেট ও দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাওয়া সিনেমাটি প্রত্যাশা কতটা পূরণ করতে পারল, সেই প্রশ্নও উঠেছে|
'টক্সিক'কে শুধু অ্যাকশন সিনেমা হিসেবে নয়; বরং প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য রূপকথার আবহে তৈরি একটি গ্যাংস্টার ড্রামা হিসেবে উপস্থাপন করা হয়েছে| ছবির গল্পে অপরাধজগৎ, ক্ষমতা ও পারিবারিক সম্পর্কের পাশাপাশি নানা ধরনের প্রাপ্তবয়স্ক উপাদান রয়েছে| কেবল রুক্মিণীই নন, সিনেমায় কিয়ারা ও যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল| সিনেমাটির প্রচারে কিয়ারা ও যশ দুজনই অবশ্য বলেছেন, গান বা টিজারের বিচ্ছিন্ন দৃশ্য নিয়ে মন্তব্য করা উচিত নয়| সিনেমার প্রয়োজনেই এসব দৃশ্য রাখা হয়েছে|