
অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কাযনির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন 'প্রেমের তাজমহল' সিনেমার পরিচালক গাজী মাহবুব। সম্প্রতি তিনি পরিচালক সমিতিতে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। পদত্যাগের বেশ কয়েটি কারণ উল্লেখ করেছেন গাজী মাহবুব। কারণগুলো হচ্ছে, সহযোগী সদস্য ফরম প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের ৭-এর ঘ অনুচ্ছেদ বার বার লঙ্ঘন করা হচ্ছে। সহযোগী সদস্য পদ প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা ৭-এর ঘ, ধারা ৭-এর ১১, ১২, ২২ এবং ধারা ১১-এর গ, ধারা ১৩-এর প অনুচ্ছেদ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। একইভাবে সাধারণ সদস্যপদ প্রদানের ক্ষেত্রেও গঠনতন্ত্রের ধারা ৮-এর খ, ধারা ১১ এর গ, ধারা ১২-এর ঙ এবং ধারা ১৩-এর প অনুচ্ছেদ যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
সমিতির যেকোনো অনুষ্ঠান উদযাপন শেষে পরবর্তী কার্যনির্বাহী সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের জন্য গঠনতন্ত্রে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। পারিবারিক মিলনমেলা, প্রীতি ফুটবল ম্যাচসহ অন্যান্য অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কার্যনির্বাহী সভায় উপস্থাপন না করে গড়িমসি ও সময়ক্ষেপণ করেছেন। এতে সমিতির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
কার্যনির্বাহী সদস্যের পদ শূন্য হওয়ার পর উক্ত শূন্য পদে কো-অপ্ট করা সদস্য মোস্তাফিজুর রহমান বাবুর শপথ পাঠের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা ২০-এর চ অনুসরণ করা হয়নি।
সিনেমা নিজে পরিচালনা না করেও অন্যের পরিচালিত সিনেমা বা নাটক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর করিয়ে সদস্যপদের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা, উপধারার বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করা হয়নি।