
বলিউডের তারকা কণ্ঠশিল্পী অন্বেষা দত্তগুপ্ত নতুন একটি মৌলিক বাংলা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী মাসুম বিল্লাহর সঙ্গে। 'যদি তুমি চাও' শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মাসুম বিল্লাহ। সংগীত পরিচালনা করেছেন আরেক বাংলাদেশি সংগীত পরিচালক সন্দীপ কুমার দেব। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং ও সংগীতায়োজনের কাজ শেষ হয়েছে।
শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া মাসুম বিল্লাহ এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গান প্রকাশ করলেও নিজের লেখা ও সুর করা গানে এবারই প্রথম বলিউডের জনপ্রিয় শিল্পী অন্বেষার সঙ্গে দ্বৈত কণ্ঠে হাজির হচ্ছেন।
গানটি নিয়ে অন্বেষা বলেন, সুর ও কথাগুলো আমার খুব ভালো লেগেছে। মাসুমের লেখা, সুর ও গায়কীর সঙ্গে সন্দীপের সংগীতায়োজন গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। আশা করছি, বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের গানটি ভালো লাগবে। সংগীত পরিচালক সন্দীপ কুমার দেব বলেন, অন্বেষার মতো একজন শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তার গায়কী গানটিকে আরও সমৃদ্ধ করেছে। আমরা একটি ভালো মেলোডি ঘরানার গান তৈরির চেষ্টা করেছি। সাউন্ড ডিজাইনার জাকিরসহ পুরো দল দীর্ঘদিন ধরে কাজ করেছে।
মাসুম বিল্লাহ জানান, গানটি শিগগিরই একটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইউটিউবে প্রকাশ করা হবে। গানটির সঙ্গে একটি মিউজিক ভিডিও ও নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অন্বেষা এর আগে বলিউডের গোলমাল রিটার্নস, সিংহাম, প্রেম রতন ধন পায়ো'সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। বাংলাদেশের দুই সংগীতকর্মী মাসুম বিল্লাহ ও সন্দীপ কুমার দেবের সঙ্গে এটিই তার প্রথম কাজ।