
দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র গত ১৬ অক্টোবর সারাদেশে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা 'স্নেহের বন্ধন', 'কাট-পিস' ও 'চিরকুট'। তবে মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে ব্যর্থ হয়েছে তিনটি সিনেমাই। উৎসবের দিনগুলোতে যেখানে সিনেমা হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় থাকার কথা, সেখানে হলের টিকিট কাউন্টারগুলো পার করছে অলস সময়। আর এ তিন সিনেমার মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে সিনেমা 'স্নেহের বন্ধন'।
পূজার আবহে ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছিলেন নির্মাতারা। পোশাকশিল্পের অন্ধকার জগত নিয়ে ইফফাত জাহান মমর 'কাট-পিস', নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা ও ক্যাম্পাসের নস্টালজিয়া নিয়ে মুনতাসির আকিবের 'চিরকুট' এবং জয় চৌধুরী ও মৌ খান জুটির পারিবারিক মেলোড্রামা 'স্নেহের বন্ধন' মুক্তি পায়। কিন্তু মুক্তির প্রথম তিন দিন কোনো সিনেমাই কাঙ্ক্ষিত দর্শকখরা কাটাতে পারেনি। হল মালিকদের মতে, পূজার ছুটির মধ্যেও দর্শক উপস্থিতি আশঙ্কাজনক হারে কম।
কামরুজ্জামান পরিচালিত 'স্নেহের বন্ধন' সিনেমার প্রচারণা ছিল বেশ জাঁকজমক। ছবির নায়ক-নায়িকা জয় চৌধুরী ও মৌ খান সিনেমাটি মুক্তির আগে রাজধানীর বুকে ছাদখোলা বাসে করে বেশ প্রচার-প্রচারণাও চালিয়েছিলেন। কিন্তু হল খোলার পর দেখা গেল শোচনীয় চিত্র। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সবখানেই এ সিনেমার শো-গুলো ফাঁকা যাচ্ছে।
মুক্তির প্রথম দিন বরিশাল অভিরুচি সিনেমা হলে দুপুরে শোতে 'স্নেহের বন্ধন' দেখতে গিয়েছিল ৬ জন দর্শক! সন্ধ্যার শোতে দর্শক ছিল মাত্র ৯ জন। শনিবার ১২টার শোতে চার জন এবং বিকেলে শোতে দুটি টিকিট বিক্রি হয়। তবে নাইট ও স্পেশাল শো দর্শকখরায় বন্ধ ছিল বলে হলটির ম্যানেজার কবির নিশ্চিত করেছেন।