
সামাজিকমাধ্যমে কটাক্ষের শিকার হওয়া নতুন কিছু না টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের জন্য। সম্প্রতি দুর্গাপূজায় নেচে সমালচনার শিকার হন তিনি। 'মুসলিম জাতির কলঙ্ক'সহ বিভিন্ন তির্যক বিশেষণের বাণে নেটিজেনরা জর্জরিত করেন তাকে। শুরুতে নীরবতা পালন করলেও এবার মুখ খুলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে পূজায় গিয়েছিলেন নুসরাত। এ সময় তার তার সিঁথিতে ছিল সিঁদুর আর হাতে ছিল শাখা। এমন বেশে অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করে স্বামী যশ দাশগুপ্ত। সেসব ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভাগ করে নিতেই ফের ধেয়ে আসে কটাক্ষ।
আর চুপ থাকেননি অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, উৎসব তো সকলের। আমি চিরকাল সব উৎসব পালন করি। অনেকেই বলে— তুমি তো জাহান। আমি কোনোদিন কাউকে জবাব দিইনি। যারা অন্য ধর্মের হয়েও নিষ্ঠা, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করেন, সিঁদুর খেলেন, আমার মনে হয় তাদেরও জবাবদিহি করা উচিত নয়। কারণ এটা ব্যক্তিগত পছন্দ। এরপর ধুয়েছেন সমালোচকদের। টাক্ষকারীদের জ্ঞানের অভাব রয়েছে উল্লেখ করে লিখেছেন, আমার পোস্টের কমেন্টবক্সেও দেখেছি অনেকে অনেক কিছু লিখছে। যাদের মনে হয়, তারা নিজের ধর্মের বিষয়ে সমস্ত কিছু জানেন, আমি তাদের থেকে একটু হলেও বেশি জানি। আপনাদের বিশ্বাস আপনাদের কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি। পূজা উদযাপন করতে গিয়ে এর আগেও কটাক্ষের শিকার হতে হয়েছে নুসরাতকে। তবে সেসবে পাত্তা দেননি। এ নিয়ে বছর দুয়েক আগে গণমাধ্যমকে বলেছিলেন, প্রত্যেক বছর অষ্টমীর দুপুরে আমি ভোগ খেতে খুব ভালোবাসি। ১০০ বার হয়তো তার জন্য আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছে! কিন্তু তারপরও অষ্টমীর দিন অঞ্জলি দিই, আগামী দিনেও অঞ্জলি দেব। কারণ, বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না। ভাষার ওপরও নির্ভর করে না। বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।