ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কাঁপছে ভোটের মাঠ

আপনারাও মজলুম ছিলেন এখন কেন জালিম হলেন

বললেন শফিকুর রহমান
আপনারাও মজলুম ছিলেন এখন কেন জালিম হলেন

চাঁদাবাজি ও দুর্নীতির গোড়া কেটে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর সঙ্গে জড়িতদের সংশোধন হওয়ার তাগিদ দিয়েছেন।

জামায়াত আমির বলেছেন, ‘যারা দুর্নীতি ও চাঁদাবাজি করেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ, আমরা এমন সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিক তার জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে। হালাল রুজি দিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে।’ অপকর্ম ছেড়ে দেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেছেন, ‘জাতিকে আর কষ্ট দিয়েন না। আপনারাও একসময় মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হলেন।’ গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এ কথা বলেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

সভায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা দলের ভেতরে অন্য কোনো দলকে হজম করার নীতিতে বিশ্বাস করি না। তাই আমরা সকল দলের প্রতি সম্মান রেখে ১১টি দল যার যার প্রতীকে নির্বাচনে অবতীর্ণ হয়েছি।’ তিনি আরও বলেন, ‘আর আমরা ঘোষণা দিয়েছি, প্রতীক যেখানে যেটা বসবে, ওটাই আমাদের সবার প্রতীক। আমরা এভাবেই একটি ঐক্যের বার্তা জাতিকে দিচ্ছি।’

জামায়াত আমির বলেন, ‘সাড়ে ১৫ বছরে যারা মজলুম ছিলেন, তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে। আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাচ্ছি। ১৮ কোটি মানুষের বিজয় হবে আমাদের ১১ দলের সবার বিজয়।’ ভোটে নির্বাচিত হলে ‘ঐক্যের সরকার গঠনের’ প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা কথা দিচ্ছি আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আল্লাহ তাআলা যদি আমাদের সফলতা দেন, বিজয়ী হয়েই আমরা তাদেরও বলব, আসেন আপনারাও অবদান রাখেন।’ জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক প্রমুখ।

জামালপুরে জনসভায় যোগ দিতে আজ আসছেন জামায়াতের আমির : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ রোববার ১ ফেব্রুয়ারি শহরে এক নির্বাচনী সভায় যোগ দেবেন। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়াল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষে দলের জেলা শাখা এই সভার আয়োজন করেছে। তিনি বলেন, সকাল ১০টায় শহরের সিংহাজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ইতোমধ্যে আয়োজনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, জামায়াতের আমির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত