ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সোচ্চারের জরিপ

আ.লীগের ভোট যাবে বিএনপিতে ৩৭.৯% জামায়াতে ৩৭%

আ.লীগের ভোট যাবে বিএনপিতে ৩৭.৯% জামায়াতে ৩৭%

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কোন দল কতটা পেতে পারে, সেই প্রশ্নে বিএনপির এগিয়ে থাকার কথা বলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার’। সংস্থাটির ভাষ্য, বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ৩৭ দশমিক ৯ শতাংশ ভোটার ধানের শীষ বেছে নিতে পারেন। পাশাপাশি ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দিতে পারেন। সেই হিসেবে আওয়ামী লীগের ভোটারদের একটি বড় অংশ আসন্ন নির্বাচনে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ, ভয়েজ ফর রিফর্মের সম্পাদক এবং বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন। সোচ্চারের জরিপে দেখা গেছে, সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। পাশাপাশি ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে ড. শিব্বির আহমেদ বলেন, প্রধান চারটি রাজনৈতিক দলের নির্বাচনি এলাকা— ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনে ভোটারদের মতামত নেওয়া হয়েছে। এসব আসনে সর্বশেষ নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, তাদের মধ্য থেকেই এ তথ্য পাওয়া গেছে। তিনি জানান, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১০ দশমিক ৮ শতাংশ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। এছাড়া ৬ দশমিক ১ শতাংশ ভোটার ভোট দেওয়ার বিষয়ে মত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন। আর ৫ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট না দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন। গবেষণা সংস্থাটি জানিয়েছে, এ জরিপের ফলাফল ভোটারদের রাজনৈতিক মনোভাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমান, ভোট পেতে পারেন ৪৬ শতাংশ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান এগিয়ে রয়েছেন। তিনি ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে জনমত জরিপে উঠে এসেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত প্রার্থী ডা. খালিদুজ্জামান পাবেন ২৭ দশমিক ৪ শতাংশ ভোট।

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে মোট প্রার্থী ১১ জন। তবে ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে।

জরিপের প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়, আসনটির ৫১৫ জন ভোটারের মতামত নিয়েছে সোচ্চার। তাদের মধ্যে পুরুষ ২৬৯ এবং নারী ২৪৬ জন। ভোটারদের ২৩৯ জন, অর্থাৎ ৪৬ দশমিক ৪ শতাংশ ধানের শীষের প্রার্থী তারেক রহমানকে ভোট দেবেন বলে জানিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. খালিদুজ্জামানকে ২৭ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ২১ দশমিক ৬ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটাররা তারেক রহমানকে বেশি পছন্দ করেছেন। ৫১ দশমিক ৩ শতাংশ পুরুষ ভোটার এ আসনে বিএনপি চেয়ারম্যানকে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। জরিপে তিনি নারীদের ভোট পেয়েছেন ৪১ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান পুরুষদের ২৮ দশমিক ৩ শতাংশ ভোট পাবেন। তিনি নারী ভোটারদের ভোট পেতে পারেন ২৭ দশমিক ৬ শতাংশ। জরিপে নারীদের ১৬ শতাংশ এবং পুরুষদের ২৬ দশমিক ৪ শতাংশ কাকে ভোট দেবেন, তার সিদ্ধান্ত নেননি। ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিলেও প্রকাশ করতে চাননি ৩ দশমিক ৩ শতাংশ ভোটার। দুই প্রার্থীর বাইরে অন্যদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন ১ দশমিক ৪ শতাংশ ভোটার।

ঢাকা-১৫ আসনে এগিয়ে জামায়াত আমির, বেশি পাবেন নারী ভোট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হতে পারেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রাথী পেতে পারেন ৩২ দশমিক ৫ শতাংশ ভোট। রাজধানীর মিরপুর (ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪), ক্যান্টনমেন্ট (ডিএনসিসি ওয়ার্ড ১৬) এলাকা নিয়ে ঢাকা-১৫ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬১৬ এবং নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। আসনটিতে আটজন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির প্রাথী শফিকুল ইসলাম খান মিল্টনের মধ্যে।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আসনটির ৫১৪ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪৯ দশমিক ২ শতাংশ (২৫৩ জন) ভোটার দাঁড়িপাল্লা প্রতীকে শফিকুর রহমানকে ভোট দেবেন বলে জানিয়েছেন। ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৩২ দশমিক ৫ শতাংশ ভোটার। ১৩ দশমিক ৮ শতাংশ ভোটার সিদ্ধান্তহীনতায় রয়েছেন। আর ৪ দশমিক ১ শতাংশ ভোটার সিদ্ধান্ত নিলেও তা প্রকাশ করতে চাননি। বাকি ভোটাররা অন্যান্য প্রাথীদের ভোট দেবেন বলে জানিয়েছেন।

জরিপের লিঙ্গভিত্তিক ফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৫১৪ জনের মধ্যে পুরুষ ৩০৪ জন এবং নারী ২১০ জন। জরিপে পুরুষের চেয়ে নারী ভোটাররা জামায়াত আমিরকে ভোট দিতে বেশি আগ্রহ প্রকাশ করেছেন। নারী ভোটারদের ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে শফিকুর রহমানের দাঁড়িপাল্লার পক্ষে। আর তিনি পুরুষ ভোট পেয়েছেন ৪৯ শতাংশ। অন্যদিকে, বিএনপির প্রাথী মিল্টন পুরুষ ভোট বেশি পেয়েছেন। পুরুষ ভোটারদের ৩৪ দশমিক ৫ শতাংশ এবং নারী ভোটারদের ২৯ দশমিক ৫ শতাংশ ধানের শীষে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত