
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক বসানোর ঘটনায় এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী। হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার এ আবেদন করা হয়। রিটে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে এসব সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনকারী ছয় আইনজীবী হলেন- মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাইল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ এবং সাইফুল্লাহ খালেদ।
আবেদনে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছয় সিটি করপোরেশনে প্রশাসক দেয় সরকার। তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
রিট আবেদনে বলা হয়েছে, “২২ ফেব্রুয়ারির ওই স্মারকমূলে প্রশাসক নিয়োগ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— সে বিষয়ে বিবাদীদের কারণ দর্শানোর রুল জারির আরজি জানানো হয়েছে। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্মারকের কার্যক্রম ও প্রশাসকদের দায়িত্ব পালন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।” পাশাপাশি, আইন অনুযায়ী এক মাসের মধ্যে সকল সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনের ব্যবস্থা করতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। এছাড়া নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই সিটি কর্পোরেশনগুলোর নিয়মিত কার্যক্রম জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালনা করতে স্থানীয় সরকার বিভাগের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। রিট দায়েরের বিষয়ে আইনজীবী মো. গোলাম কিবরিয়া বলেন, “আবেদনের শুনানি কবে হবে সেটি এখনও নিশ্চিত নয়। তবে আগামী রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এর শুনানি হতে পারে।”