ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দিল্লির বৈঠকে হাসিনাকে ফেরত চাইল ঢাকা

দিল্লির বৈঠকে হাসিনাকে ফেরত চাইল ঢাকা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আবারও করেছে বাংলাদেশ সরকার। দিল্লি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে তাকে ফেরত চাওয়ার কথা গতকাল বুধবার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনদিনের সফরে দিল্লিতে যাওয়া খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিংহ পুরির সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।’

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ‘নির্দেশ ও ইন্ধনদাতা’ হিসেবে অভিযুক্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত দিতে দ্বিতীয়বারের মতো অনুরোধ জানিয়ে রায়ের চার দিন পর ২১ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা ও কামাল।

ওই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারকাজ শুরুর পর হাসিনাকে ফেরাতে ২০২৪ সালের ডিসেম্বরে ভারতকে প্রথমবার চিঠি পাঠিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে বিচারকাজ শেষে রায় হয়ে গেলেও সেই চিঠির জবাব দেয়নি ভারত সরকার। চিঠির প্রাপ্তি স্বীকার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘হ্যাঁ, আমরা অনুরোধটি পেয়েছি এবং তা পর্যালোচনা করা হচ্ছে।’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দিল্লি থেকে কোনো জবাব না পাওয়ার মধ্যে আবারও অনুরোধ জানাল বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত