ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘তদারকির অভাবে’ বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল

‘তদারকির অভাবে’ বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল

বাজারে খোলা সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে অন্তত ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের দামও বেশি রাখা হচ্ছে। কার্যকর তদারকির অভাবে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সরবরাহ সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ তথ্য জানিয়েছে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ‘ভোজ্যতেলের বাজারে কারসাজি ও দাম বৃদ্ধির প্রতিবাদে’ সংগঠনটি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন- ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, ক্যাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ শওকত আলী খান প্রমুখ। ক্যাবের নেতারা বলেন, দেশের বাজারে প্রায় দুই মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট চলছে। বোতলের গায়ে লেখা দামের (এমআরপি) চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে কোথাও কোথাও। বোতলজাত সয়াবিনের সংকটের মধ্যে বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। সর্বশেষ ভোজ্যতেলের দাম সমন্বয় হয়েছিল গত ডিসেম্বরে। সে সময় বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দাম (এমআরপি) লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা এবং খোলা সয়াবিনের দামও লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা বাড়িয়ে ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। দাম বাড়ানোর এ ঘোষণা দেয় ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত