ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

৮ ফ্লাইটে সৌদি গেছেন ৩ হাজার হজযাত্রী

৮ ফ্লাইটে সৌদি গেছেন ৩ হাজার হজযাত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার দুপুর ২টা পর্যন্ত আটটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে। আটটি ফ্লাইটে প্রায় তিন হাজার যাত্রী ভ্রমণ করেছেন। বিকাল ও রাতে আরও আটটি ফ্লাইট সৌদি উদ্দেশে ছাড়ছে।

এদিকে, বিকাল ও রাতের ফ্লাইটে সৌদি আরব যেতে আরও হাজারো হজযাত্রী আশকোনার হজ ক্যাম্পে জড়ো হয়েছেন। তারা এখানে আনুষ্ঠানিকতা শেষ করে একে একে নিজ নিজ ফ্লাইটে যাচ্ছেন। আশকোনা হজ ক্যাম্পের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা। তবে ক্যাম্পে মশার উপদ্রব এবং গরমে অনেকে অস্বস্তির কথাও জানিয়েছেন।

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে গত শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ফ্লাইটে সৌদি গেছেন ৪১৯ জন হজযাত্রী।

সরেজমিনে দেখা যায়, হজ ক্যাম্পের সামনে শত শত হজযাত্রী এবং তাদের স্বজনরা দাঁড়িয়ে আছেন। আত্মীয় বা পরিবার-পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে ক্যাম্পে প্রবেশ করছেন অনেকে। কেউ কেউ প্রিয়জনকে বিদায় দিতে অশ্রুসিক্ত হচ্ছেন। ক্যাম্পে ঢোকার সময় পানির বোতল দিয়ে তাদের স্বাগত জানান স্বেচ্ছাসেবকরা। পরে ফ্লাইট অনুযায়ী তারা ইমিগ্রেশন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন। যাদের ফ্লাইট আজ রোববার, তাদের জন্য ক্যাম্পের ভেতর নির্দিষ্ট কক্ষে থাকার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ থেকে হজে যাওয়ার জন্য আশকোনা ক্যাম্পে শনিবার বেলা ২টায় উপস্থিত হয়েছেন রফিক তালুকদার। তিনি বলেন, হজে যাওয়ার উদ্দেশে গত শুক্রবার ঢাকায় এসেছি। রাতে মিরপুরে এক আত্মীয়ের বাসায় ছিলাম। এখন ক্যাম্পে এসেছি। এখানে আনুষ্ঠানিকতা শেষ করে শাহজালাল বিমানবন্দরে যাবো। ফ্লাইনাস এয়ারলাইন্সে তার ফ্লাইট রয়েছে। এ সময় তিনি হজযাত্রার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। ফরিদপুর থেকে গত শুক্রবার বিকালে আশকোনা ক্যাম্পে আসেন ইকরামুল হক। তিনি ক্যাম্পে অবস্থান করেন। ইকরামুল হক বলেন, হজ ক্যাম্পের পরিবেশ অনেক ভালো। তবে রাতে মশার কিছু উপদ্রব ছিল, দিনে গরমও বেশি। তবে সব মিলিয়ে ক্যাম্পের পরিবেশ ভালো লেগেছে। শনিবার বিকাল ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দা যাব। আশকোনা হজ ক্যাম্পের সংশ্লিষ্টরা জানান, এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত