
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গে ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭২ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১০০৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৮ জন, গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪ জন।
গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন। গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮২৬ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৭৫০ জন
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত একজনের প্রাণ গেছে। এ সময়ে নতুন করে ৭৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭৭ জনের প্রাণ কাড়ল এইডিস মশাবাহিত এই রোগ। হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৭ হাজার ২২ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৬১ জন। ৪৭ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ১২২ জন।
বিভাগের হিসাবে বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ৯৬ জন, খুলনায় ১৭৩ জন ও ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ১৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।