ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্য ও চীনের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্য ও চীনের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই পৃথক বার্তায় তারা নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানায়।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় ১৫ মিনিট পর ঢাকায় চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এর প্রায় ১৫ মিনিট পর একইভাবে অভিনন্দন জানায় ব্রিটিশ হাইকমিশন।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফল ঘোষণার পর চীনা দূতাবাসের পক্ষ থেকে দেওয়া অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে যৌথ প্রচেষ্টার মাধ্যমে 'অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি' গড়ে তুলতে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত দেশটি। এর মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।

অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাজ্য।

অভিনন্দন,যুক্তরাজ্য ও চীন,মির্জা ফখরুল,নবনির্বাচিত রাষ্ট্রপতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত