ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য

একজন গ্রেপ্তার, বাকিরা শনাক্ত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য

ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জহিরুল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদেরও শনাক্ত করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ সব তথ্য জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় একজন গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এর আগে, গত শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের ঝামেলা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। ওসি সাইফুল আলম বলেন, গতকাল রাত ৯টার দিকে আমিনবাজার বড়দেশি এলাকায় পুলিশের একজন উপ-পরিদর্শককে গুরুতরভাবে আহত করে। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং ব্লক রেইড পদ্ধতিতে অভিযান পরিচালনা করি। এ মামলায় মূল অভিযুক্তকে গ্রেফতার করি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মামলা করেন। আসামির স্বীকারোক্তি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও খোঁজ খবর নিয়ে আসামিদের শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত