ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হামে মৃত্যু হাজার ছাড়াল

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
হামে মৃত্যু হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ৬৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০২ জনের। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং দুজন ময়মনসিংহ বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৬৯ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯০৪ জনের শরীরে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২ হাজার ৩৮ জনের এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৫ জনের শরীরে। সন্দেহজনক হামে এ বিভাগে মোট ৪০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩২ হাজার ৯৩৬ জনের এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৭১১ জনের শরীরে। বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগেও হাম ও হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর ক্ষেত্রে ময়মনসিংহ ও ঢাকা বিভাগে আধিক্য দেখা গেছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় এবং ঢাকা জেলায় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেশি।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকা পেয়েছেন ১ কোটি ৯৭ লাখ ৪৬ হাজার ৭৭৩ জন। জাতীয় পর্যায়ে টিকাদানের কাভারেজ ১০৯ দশমিক ৬ শতাংশ।

বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহে টিকাদানের কাভারেজ সবচেয়ে বেশি, ১১৫ শতাংশ। সিলেটে সবচেয়ে কম ১০৪ দশমিক ৩ শতাংশ হলেও সেখানেও কাভারেজ ১০০ শতাংশ ছাড়িয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় মোট লক্ষ্যমাত্রা ছিল ১৯ লাখ ৫ হাজার ৯৫০ জন। এর বিপরীতে টিকা পেয়েছেন ২০ লাখ ৬৯ হাজার ৯১১ জন। সিটি কর্পোরেশন এলাকায় টিকাদানের কাভারেজ ১০৮ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে কাভারেজ সর্বোচ্চ ১১৫ দশমিক ৭ শতাংশ এবং রংপুর সিটি কর্পোরেশনে সর্বনিম্ন ৯৯ দশমিক ৯ শতাংশ।

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। গতকাল বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটিতে, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন রংপুর বিভাগে মারা গেছেন। এর আগে চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর রেকর্ড হয় গতকাল। এ দিন হাসপাতালে ভর্তিও হয়েছিলেন রেকর্ড ১ হাজার ৫৭১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৯৩৮ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত