ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনায় ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে উখিয়া পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভ লাগোয়া রিসোর্টটিতে ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ৬ জন চিকিৎসাধীন। ফায়ারসার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় উদ্ধার কার্যক্রম চালানো হয়, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় মিলেছে। পরিচয় শনাক্ত হওয়া নিহত এক পরিবারের ৬ সদস্য হলেন, ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। এ ছাড়া আরও নিহত হয়েছেন ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯)। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যানুযায়ী, নিহত আরও দুই পর্যটকের নাম জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম বলে জানা গেছে তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত