
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার মোড়ভাঙ্গা বাজারে জমি চাষের পাওনা মাত্র দেড়শ টাকার ট্রাক্টর ভাড়াকে কেন্দ্র করে ট্রাক্টর মালিক আরিফ পিটিয়ে কৃষক আব্দুস সালাম মালিথাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুস সালাম মালিথা উপজেলা মোড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা। নিহতের পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার(১৪ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা বাজারে জমি চাষের পাওনা ১৫০ টাকা ট্রাক্টর ভাড়াকে কেন্দ্র করে ট্রাক্টর মালিক আরিফের সঙ্গে কৃষক আব্দুস সালামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে আরিফ উত্তেজিত হয়ে কাঠের চলা (লাঠি) দিয়ে আব্দুস সালামকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উপস্থিত স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত আরিফ পলাতক। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, অভিযুক্ত আরিফকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।