ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর

এসআরবি-পুলিশের চার স্তরের নিরাপত্তাবলয়

এসআরবি-পুলিশের চার স্তরের নিরাপত্তাবলয়

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ধূপের সৌরভে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। উৎসবমুখর আবহেই আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে পুরো অঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তাবলয়।

দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নগরীর ঐতিহ্যবাহী জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। চট্টগ্রাম মহানগরী ও জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার মনিটরিং করা হচ্ছে।

পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব এবং প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, গুজব ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ দুপুরের দিকে নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে. এম. সেন হল পূজামণ্ডপ সরেজমিন পরিদর্শন করেন এসআরবি-৭ চট্টগ্রাম-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর সফরটি নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নির্দেশনা ও সমন্বয়ে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা নস্যাৎ করতে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে। তিনি আরও বলেন, 'চট্টগ্রাম জেলা ও মহানগরীতে প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপ রয়েছে। মণ্ডপের সংখ্যা বিবেচনায় নিয়ে অনেক আগে থেকেই নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। র‍্যাবের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। পূজামণ্ডপগুলোতে এসআরবি সদস্যরা নিয়মিত পরিদর্শন ও মোবাইল টহল দেবেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে। বিশেষ স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপগুলোতে এসআরবির যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।' একই দিন সকালে জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম এবং চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিদর্শনকালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সংহতি প্রকাশ করতেই চট্টগ্রামে আসছেন। এটি আমাদের ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত আনন্দের। দল ও প্রশাসনের পক্ষ থেকে তার এই আগমনকে সফল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত