ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, "গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।"

গতকাল শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২,৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই 'অধ্যক্ষ সম্মিলন-২০২৬' আয়োজন করা হয়।

অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে- 'দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।' প্রধানমন্ত্রী বলেন, "একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তার মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।"

শিক্ষা সেক্টরে মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, "শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।"

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।"

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে 'ট্রেনিং অব ট্রেইনার্স' কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।"

তিনি বলেন, "আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাব শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।"

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।" একইসঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।"

বহুভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, "ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে। এছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতেও উদ্যোগ নিতে হবে।"

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত