
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও প্রান্তিক জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনতে চায় সরকার। এসব মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। গতকাল শনিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক চত্বরে দিনব্যাপী 'সর্বজনীন পেনশন মেলা-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে এই পেনশন স্কিমের আওতায় আনা হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে এই কর্মসূচিতে যুক্ত করতে সরকার কাজ করছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে দেশের ৪৫টি ব্যাংকের সমঝোতা স্মারক রয়েছে উল্লেখ করে তিনি জানান, মাঝখানে এ উদ্যোগের কার্যক্রম কিছুটা স্থিমিত হয়ে পড়লেও এখন তা পুনরুজ্জীবিত করে সফলভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে।
এর মাধ্যমে মানুষের জীবনের শেষ পর্যায়ে আর্থিক সচ্ছলতা ও স্বস্তি বজায় রাখার পাশাপাশি সরকারের মানবিক বাংলাদেশ গড়ার উদ্যোগও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সব শ্রেণি-পেশার মানুষকে পেনশন ব্যবস্থায় যুক্ত করার মাধ্যমে প্রধানমন্ত্রীর 'সবার আগে বাংলাদেশ—অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান' স্লোগানের বাস্তব প্রতিফলন ঘটবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল।
দিনব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকসহ অন্তত ৩৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধন শেষে প্রধান অতিথি র্যালিতে অংশ নেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।