ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইরানে নতুন জাতীয় নিরাপত্তা প্রধান জুলকাদর

ইরানে নতুন জাতীয় নিরাপত্তা প্রধান জুলকাদর

ইরানের নতুন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিযুক্ত হলেন মোহাম্মদ বাকের জুলকাদর। গত মঙ্গলবার প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক এই উপমন্ত্রীকে নিরাপত্তাবিষয়ক সচিব হিসাবে নিযুক্ত করা হয়। গত সপ্তাহে ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি। এএফপি, সিএনএন।

রাষ্ট্রপতির কার্যালয়ের বরাত দিয়ে আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান মোহাম্মদ বাকের জুলকাদরকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসাবে নিযুক্ত করেছে। ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্যবিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ মাহদি তাবাতাবাই মঙ্গলবার ঘোষণা করেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনেইর অনুমোদন ও সম্মতিক্রমে এবং রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের ডিক্রি দ্বারা মোহাম্মদ বাকের জুলকাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসাবে নিযুক্ত করা হয়।

বাকের জুলকাদর দেশটির বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক সেনানি। বাকের জোলকাদর বিভিন্ন সময়ে সামরিক, বেসামরিক এবং বিচারিক প্রতিষ্ঠানগুলোতে শীর্ষপর্যায়ের পদে অধিষ্ঠিত ছিলেন। ইরান-ইরাক যুদ্ধে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ডিভিশন পরিচালনা করার পর তার উত্থান ঘটে। ওই সময় তাকে ইরাকের কুর্দিসহ সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর কয়েক বছরের জন্য বিপ্লবী গার্ডের সেকন্ড-ইন-কমান্ড হয়ে ওঠেন বাকের জুলকাদর। সম্প্রতি তিনি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের দায়িত্ব পান। এই কাউন্সিল ইরানের সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয় এবং দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মধ্যস্থতার কাজ করে। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পর্যবেক্ষকরা মনে করেন, চার দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ফলে জুলকাদর নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আস্থা অর্জন করেছিলেন।

জুলকাদরের মতো দীর্ঘদিনের পরীক্ষিত ব্যক্তিত্বকে নিয়োগ দিয়ে ইরান এই বার্তা দিল যে, তেহরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখতে চায়। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছিলেন তিনি। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্ট থাকায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানা গেছে। এর আগে, গত সপ্তাহে ইসরাইলি-আমেরিকান হামলায় হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি নিহত হন। লারিজানি ২০২৫ সালের আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত