ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা হাঙ্গেরির

ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা হাঙ্গেরির

রাশিয়া থেকে দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ইউক্রেনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। গত বুধবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি চাহিদা মেটাতে ইউক্রেনের জন্য হাঙ্গেরির ওপর দিয়ে আসা প্রাকৃতিক গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর ইউক্রেনের মোট আমদানিকৃত গ্যাসের প্রায় ৪৫ শতাংশই এসেছিল হাঙ্গেরি হয়ে, যা চলতি বছরের জানুয়ারিতে ছিল ৩৮ শতাংশ।

ইউক্রেনের ভূখণ্ডের ভেতর দিয়ে আসা দ্রুজবা পাইপলাইনে রুশ ড্রোন হামলার কারণে গত প্রায় দুই মাস ধরে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, নিরবচ্ছিন্ন হামলার কারণে কারিগরি ত্রুটি মেরামত করা সম্ভব হচ্ছে না এবং সেখানে কর্মীদের জীবন ঝুঁকিতে রয়েছে। তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার নেতারা ইউক্রেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ আটকে দেওয়ার অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই পরিস্থিতিকে ইউক্রেনের ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেন তেল সরবরাহ নিশ্চিত করবে না, ততক্ষণ তারা হাঙ্গেরি থেকে কোনও গ্যাস পাবে না। তিনি আরও জানান, ইউক্রেনকে দেওয়ার বদলে এই গ্যাস হাঙ্গেরি তাদের নিজস্ব মজুত পূরণে ব্যবহার করবে।

রুশ তেলের প্রবাহ বন্ধ হওয়ার প্রতিক্রিয়ায় হাঙ্গেরি একের পর এক প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে। গত সপ্তাহে অরবান ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৯০ বিলিয়ন ইউরোর একটি ঋণ আটকে দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত