
রাতভর ভারী বৃষ্টিতে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়েছে এবং যাতায়াতব্যবস্থা ব্যাহত হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতজুড়ে আরও ঝড় এবং বিমানবন্দরে বিলম্বের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। খবর ইউরো নিউজ।
গত শুক্রবার ভোররাত থেকে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ফলে দুবাইজুড়ে রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং ভোরের আগেই পুলিশ, উদ্ধারকারী যানবাহন এবং উদ্ধারকর্মীরা রাস্তায় নামতে বাধ্য হয়।
বেশ কয়েকটি জেলায় সংযোগস্থল, সার্ভিস রোড এবং আন্ডারপাস পানিতে ডুবে যাওয়ায় কিছু চালক আটকা পড়েছেন এবং অন্যরা তাদের গাড়ি ফেলে রেখে যেতে বাধ্য হয়েছেন। এই বন্যা উপসাগরীয় অঞ্চলের অন্যতম ব্যস্ততম এই শহরের যাতায়াত ব্যবস্থা ব্যাহত করেছে। মরু শহরটিতে তীব্র ঝড় আঘাত হানলে নিচু এলাকার রাস্তাগুলো কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গ্রীষ্মের তীব্র গরমের আগে দুবাইজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ চলতি সপ্তাহে বারবার আবহাওয়ার সতর্কতা জারি করেছে।