
ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমিতে একটি শিল্প এলাকায় ইরানি হামলায় আগুন লেগেছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। এতে ওই স্থাপনায় বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৯ মার্চ) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
উদ্ধার ও নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, বীরশেবা শহরের দক্ষিণে নিওত হোভাব শিল্পাঞ্চলে একটি কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং তারা ক্ষতিগ্রস্ত রাসায়নিক সংরক্ষণ ইউনিটগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।
কর্তৃপক্ষ বলছে, এই হামলার ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কারখানা ও আশপাশের অন্যান্য স্থাপনার সব কর্মীকে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে।
এ ঘটনায় বিপজ্জনক রাসায়নিক পদার্থ লিক হওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।
সূত্র: বিবিসি
আবা/এসআর/২৬