ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দাঙ্গায় জড়িত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দাঙ্গায় জড়িত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

গত জানুয়ারিতে সংঘটিত সরকারবিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ভাহেদিপারাস্ত নামের ওই দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে তেহরানে একটি সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলা চালানো এবং অস্ত্রাগারে প্রবেশের চেষ্টা করার অভিযোগ প্রমাণিত হয়েছে। ফার্স নিউজ তাদের ‘শত্রুপক্ষের এজেন্ট’ হিসেবে উল্লেখ করেছে। জানুয়ারিতে ইরানে শুরু হওয়া বিক্ষোভ প্রথমে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হলেও পরে তা সরকার পতনের দাবিতে দেশজুড়ে দাঙ্গায় রূপ নেয়। ১৯৭৯ সালের বিপ্লবের পর এটি ছিল অন্যতম সহিংস সংঘর্ষ, যেখানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এর আগে ২ এপ্রিল আমিরহোসেইন হাতামি নামের এক কিশোরকে গেজেল হিসার কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংস্থাটির প্রতিবেদনে মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ভাহেদিপারাস্তের মৃত্যুদণ্ডের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছিল। এছাড়া সংস্থাটির প্রতিবেদনে আলি ফাহিম ও আবোলফাজল সালেহি সিয়াভাশানি নামের আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কার কথাও বলা হয়। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, সরকার উৎখাতের উদ্দেশে এসব বিক্ষোভে অনুপ্রবেশ করেছিল বিদেশি শক্তির এজেন্টরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত