
সৌদি আরবে আনুষ্ঠানিক সফর শেষ করে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে পিএমও জানায়, দোহা পৌঁছালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল-মুরাইখি। বিমানবন্দরে পৌঁছালে কাতারের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল পাকিস্তানি প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানায়। এ সময় বিমানবন্দর ও শহরজুড়ে পাকিস্তানের পতাকা দিয়ে সাজানো হয় বলেও জানায় পিএমও। বিবৃতিতে আরও বলা হয়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর।